বিজ্ঞাপন

খুলনায় দুই ঘণ্টার ব্যবধানে আরও এক খুন

খুলনায় দুই ঘণ্টার ব্যবধানে আরও এক খুন

খুলনায় দুই ঘণ্টার ব্যবধানে আরও একটি খুনের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) নগরীর লবণচরা থানা এলাকার ৮০ বিঘা বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এরআগে বিকেল পৌনে ৬টার দিকে এক যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 

নিহতরা হলেন- আশিবিঘা এলাকার খোকনের ছেলে মো. মনজুরুল ইসলাম এবং অপরজন একই এলাকার মুনীরের ছেলে নাজমুল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে লবণচরা থানার আশিবিঘা বালুর মাঠ থেকে দুই থেকে তিনশ’ ফুট অদূরে কুপিয়ে হত্যা করা নাজমুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ঘটনার পরপর সিআইডি বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে। তারা এলেই মরদেহের সুরতহাল রিপোর্ট করা হবে।

এর আগে বিকেলে লবণচরা থানার হরিণটানা আশিবিঘা এলাকার একটি বালুর মাঠে স্থানীয়রা ফুটবল খেলার আয়োজন করে। খেলা শেষে ওই এলাকার কিশোর গ্যাং সন্ত্রাসী সাইফি বাহিনী প্রধানের সাথে মনজুরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাহিনী প্রধান ছুরি দিয়ে নাজমুলের পেটে আঘাত করে এবং গুলি করে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, লবণচরা এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনের মরদেহ সিআাইডির টিম এলে সুরাতহালের পর ময়নাতদন্তের জন্য খুমেকে পাঠানো হবে। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

মোহাম্মদ মিলন/এসএইচএ

বিজ্ঞাপন