সাভারের আশুলিয়ায় নিজ বাড়ির ছাদে হাত-পা বাঁধা ও বস্তাবন্দী অবস্থায় আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল বাজার চৌরাস্তা এলাকার হারুন মিয়ার মালিকানাধীন তিনতলা বাড়ির ছাদ থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুর রহমান জামালপুর জেলার মেলান্দহ থানার বাগবাড়ি এলাকার শহিদ মিয়া ছেলে। তারা আশুলিয়ার ভাদাইল বাজার চৌরাস্তা এলাকার হারুন মিয়ার তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে নিজ বাড়ি থেকে হঠাৎ আব্দুর রহমানকে পাওয়া যাচ্ছিল না। পরে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যার দিকে বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগম ছাদে হাঁসের জন্য খাবার দিতে যান। এসময় একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা দেখে ভয় পেয়ে চিৎকার করেন। এরপরে প্রতিবেশীরা এসে বস্তার ভেতরে আব্দুর রহমানের হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির হাত-পা বাঁধা ছিল। কে বা কারা শিশুটিকে হত্যা করে মরদেহ ছাদে বস্তাবন্দি অবস্থায় ফেলে রেখে গেছে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এসএইচএ
