ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং রাজধানীর সমৃদ্ধ অতীতকে স্মরণে রাখার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। এতে শহরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, চলচ্চিত্রের মাধ্যমে ঢাকার সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তোলা এবং নতুন প্রজন্মকে নগর সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
ডিএসসিসি প্রশাসকের নির্দেশনায় গঠিত উপকমিটি ঢাকাই চলচ্চিত্রের সূচনালগ্ন থেকে বাছাইকৃত ১৩টি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র সপ্তাহব্যাপী প্রদর্শনের জন্য নির্ধারণ করেছে। পাশাপাশি চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৮ জন প্রবীণ ও নবীন শিল্পী, পরিচালক, লেখক, সঙ্গীতশিল্পী, গীতিকার ও সিনেমাটোগ্রাফারসহ বিশিষ্ট কুশলীদের সম্মাননা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২২ আগস্ট (শনিবার) বিকেল ৪টায় মধুমিতা সিনেমা হলে সপ্তাহব্যাপী এই চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আনুষ্ঠানি উদযাপিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
চলচ্চিত্র উৎসবের সময়সূচি
২২ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে আব্দুল জব্বার খানের ‘মুখ ও মুখোশ’। ২৩ আগস্ট বিকেল ৩টায় খান আতাউর রহমানের ‘নবাব সিরাজদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় বশির হোসেনের ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’ প্রদর্শিত হবে।
২৪ আগস্ট বিকেল ৩টায় জহির রায়হানের ‘জীবন থেকে নেওয়া’ এবং সন্ধ্যা ৬টায় গাজী মাজহারুল আনোয়ারের ‘নান্টু ঘটক’ প্রদর্শিত হবে। ২৫ আগস্ট বিকেল ৩টায় আজিজুর রহমানের ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় জহিরুল হকের ‘রংবাজ’ প্রদর্শিত হবে। ২৬ আগস্ট বিকেল ৩টায় সুভাষ দত্তের ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় অশোক ঘোষের ‘নাচের পুতুল’ দেখানো হবে।
এ ছাড়া ২৭ আগস্ট বিকেল ৩টায় এহতেশাম পরিচালিত ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় শেখ নিয়ামত আলীর ‘দহন’ প্রদর্শিত হবে। উৎসবের শেষ দিন ২৮ আগস্ট বিকেল ৩টায় দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় কাজী জহিরের ‘বধু বিদায়’ প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী শেষ হবে।
সংবাদ সম্মেলনে বিশিষ্ট অভিনয়শিল্পী দিলারা জামান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী (শিবা শানু), মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপক ইফতেখার উদ্দিন নওশাদসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এএসএস/এসএইচএ
