মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে অনলাইন জুয়ার এজেন্ট ও সাইবার সুরক্ষা আইনে একাধিক মামলার পলাতক আসামি শামীম রেজাকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শরিফুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বুধবার রাত ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা।
পুলিশ জানায়, গ্রেপ্তার শামীম রেজার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ডিবি পুলিশের দাবি, শামীম রেজা আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে অর্থ লেনদেন করতেন। এছাড়া ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ আরও জানায়, এসব অভিযোগে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারের সময় শামীম রেজার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাকে সাইবার সুরক্ষা আইনের মামলার পলাতক আসামি হিসেবে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা বলে জানিয়েছে পুলিশ।
মেহেরপুর জেলা পুলিশ জানিয়েছে, অনলাইন ক্যাসিনো ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মাহাবুল ইসলাম/এসএইচএ
