বিজ্ঞাপন

স্বামীর মৃত্যুতে দীপু মনিকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি

স্বামীর মৃত্যুতে দীপু মনিকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি

সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ কারাগার হতে বের হয়ে আসতে দেখা যায় দীপু মনিকে। এ সময় তিনি বের হয়ে সরাসরি একটি পিজন ভ্যানে ওঠেন। তাকে কঠোর নিরাপত্তার মাধ্যমে মুন্সীগঞ্জ কারাগার হতে নিয়ে যাওয়া হয়। 

এর আগে বুধবার (১৯ আগস্ট ) দুপুরে দীপু মনির মেয়ে তানি দীপাবলি মায়ের পেরোলের মুক্তির আবেদন করলে সেটি মঞ্জুর করেন মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলে মুক্ত থাকার কথা রয়েছে। এ সময় তিনি প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে এবং দাফন কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন। বিষয়টি জানান ডা. দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

আইনজীবী ফয়সাল ইসলাম বলেন, ‘আমরা চার দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। জেলা প্রশাসক মহোদয় আমাদের ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে।’

তিনি বলেন, ডা. দীপু মনির কারাবরণের দুই বছর পূর্ণ হয়েছে। এর আগে তার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। স্বামীর মৃত্যুর পর এবার প্যারোলে মুক্তির সুযোগ পেলেন তিনি।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়াত ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ বৃহস্পতিবার  সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে। সেখানে ডা. দীপু মনি স্বামীর মরদেহ দেখবেন। এরপর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে।

বাদ জোহর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা ও দোয়া শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

ব. ম শামীম/আরকে

বিজ্ঞাপন