কুড়িগ্রামের উলিপুরে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে ধামশ্রেনী ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। তবে এ বিষয়ে প্রশাসনের নীরবতায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সোমবার (১০ আগস্ট) গভীর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ওই ছাত্রলীগ নেতার নাম মো. মিনহাজুল ইসলাম। তিনি ধামশ্রেনী ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সদস্য পদে রয়েছেন। এ ঘটনায় উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক একরামুল হক গত ১৭ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা প্রশাসনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতার নাম দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
অভিযোগ কারী একরামুল হক বলেন, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ একটি কার্যক্রমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলামকে দায়িত্ব দেয়ার আগে প্রশাসনকে সঠিক ভাবে যাচাই বাচাই করা দরকার ছিল।
তবে বিষয়টি জানতে ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা বলেন, ‘ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির দায়িত্ব দেয়ার ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও রাজনৈতিক পরিচয় যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কীভাবে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন, সেটি খতিয়ে দেখা দরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফ্যামিলি কার্ড সুপারভাইজার তথ্যসংগ্রহকারী সেচ্ছাসেবক নির্বাচন কমিটির সভাপতি এ.টি.এম আরিফ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মমিনুল ইসলাম/আরকে
