বিজ্ঞাপন

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়

৫ দিনের ব্যবধানে দুই বদলি আদেশ, সুবিধা দিতে রদবদলের অভিযোগ

৫ দিনের ব্যবধানে দুই বদলি আদেশ, সুবিধা দিতে রদবদলের অভিযোগ

মাত্র ৫ দিনের ব্যবধানে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একই কর্মকর্তাকে দুইবার বদলির ঘটনা ঘটেছে। বদলির আদেশটি করেছেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার উত্তম কুমার দাশ। এক্ষেত্রে ওই আদেশে বদলিকৃত কানুনগো আজাদ রহমান প্রভাবিত করে সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বদলি আদেশ সূত্রে জানা গেছে, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ভূমি অফিসের কানুনগো রেজাউল করিমকে গত ১৩ আগস্ট রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার স্মারক নং ০৫.৪৭.০০০০.০০৮.০১.০০৬.২৩.৩৮০ এ রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় (এলএ) বদলি করা হয়। ওই সিনিয়র সহকারী কমিশনার গত ১৮ আগস্ট তার কার্যালয়ের স্মারক নং ০৫.৪৭.০০০০.০০৮.০১.০০৬.২৩.৩৭২ এ কানুনগো রেজাউল করিমের আদেশটি বাতিল করে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এসএ শাখার কানুনগো আজাদ রহমানকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় বদলি করেন।

পরের আদেশে কানুনগো রেজাউল করিমকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার পরিবর্তে এসএ শাখায় বদলির আদেশ দেওয়া হয়।

মাত্র ৫ দিনের ব্যবধানে দুটি আদেশে কানুনগো রেজাউল করিমকে রংপুর জেলা প্রশাসকের এলএ শাখা থেকে এসএ শাখায় দেওয়া হলো। আগের আদেশটিকে প্রভাবিত করে দিনাজপুর জেলা প্রশাসকের এসএ শাখার কানুনগো আজাদ রহমানকে সুবিধা দিতেই এই রদবদল করার অভিযোগ উঠেছে।

২০২০ সালের জানুয়ারি থেকে রংপুরের এলএ শাখায় আজাদ রহমান চাকরি করেন। এরপর তাকে ২০২৬ সালের ২২ এপ্রিল দিনাজপুরে কানুনগো হিসেবে বদলি করা হয়। মাত্র সাড়ে ৩ মাস পরেই কানুনগো আজাদ রহমান আবারও রংপুরে এলএ শাখায় আসলেন। ১৩ আগস্টে জারিকৃত স্মারক নং ০৫.৪৭.০০০০.০০৮.০১.০০৬.২৩.৩৮০ বাতিল করা হয়।

এ ব্যাপারে কানুনগো রেজাউল করিম বলেন, আমি দিনাজপুরের বোচাগঞ্জ থেকে রংপুরে যোগদান করার আগেই আমাকে রংপুর এলএ শাখা থেকে এসএ শাখায় বদলি করা হয়।

কানুনগো আজাদ রহমান বলেন, বিষয়টি জানার পর বদলির আদেশ বাতিল করতে চেষ্টা করেছি। কারণ আমার বাড়ি রংপুরে দিনাজপুর গিয়ে চাকরি করা আমার জন্য কষ্টকর।

এ অভিযোগের ব্যাপারে সিনিয়র সহকারী কমিশনার উত্তম কুমার দাশের সঙ্গে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নাই। পরে খুদে বার্তা দিলেও তিনি সাড়া দেননি।

ফরহাদুজ্জামান ফারুক/আরকে

বিজ্ঞাপন