গাজীপুরে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে একজন ট্রেনে কাটা পড়ে, একজন ডাম্প ট্রাক চাপায় ও একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক, শ্রীপুরে ড্রাম্প ট্রাক চাপায় এক নারী ও একই উপজেলায় বিদ্যুৎপৃষ্টে আরেক নারী নিহত হয়েছেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-জয়দেবপুর-যমুনা সেতু রেললাইনের কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে শাকিল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত শাকিল (৩১) টাঙ্গাইল জেলার মধুপুর থানার টেকিপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। সিআইডি মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
অপরদিকে গাজীপুরের শ্রীপুরে ওষুধ কিনতে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে বাজারে যাওয়ার পথে বেপরোয়া গতির ডাম্প ট্রাক চাপায় তারাবানু নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। ট্রাক চাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়, এ সময় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে শ্রীপুরের বরমী ইউনিয়নের শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারা বানু (৭৫) উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মৃত আব্দুর হাইয়ের স্ত্রী।
আহতরা হলেন- একই গ্রামের আব্দুল আউয়াল (৪৫), মমতাজ উদ্দিন তালুকদার (৪০) ও নুরুল ইসলাম (৩২)।
নিহতের ছেলে মো. মাইনুদ্দিন বলেন, দুপুরের দিকে অটোরিকশা যোগে পাশের বরমী বাজারে ওষুধ কিনতে যায় মা। বাজারে পৌঁছানোর আগ মুহূর্তে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ডাম্প ট্রাকি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
এদিকে গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে পলাশ চন্দ্র (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত পলাশ চন্দ্র দিনাজপুর জেলার কাহারুল খান্ডা গ্রামের সূর্যকান্তের ছেলে। তিনি উপজেলার লতিফপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে বসবাস করে দিনমজুরের কাজ করতেন। বুধবার রাতে দিনের কাজ শেষে গোসলে যান। গোসল থেকে ফিরে এসে পলাশ উঠানের কাপড় শুকনোর তারে ভেজা কাপড় শুকাতে যান। এ সময় পূর্ব থেকে বিদ্যুতায়িত হওয়া ওই তারের স্পর্শে মারা যান তিনি। খবর পেয়ে রাতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশিকুর রহমান/আরএআর
