বিজ্ঞাপন

বিএনপির এমপির গাড়িতে হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুইজন রিমান্ডে

বিএনপির এমপির গাড়িতে হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুইজন রিমান্ডে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীর ও আলমগীর হোসেনকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রিমান্ড শুনানি শেষে রায়গঞ্জ আমলি আদালতের বিচারক ওমর ফারুক তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সাকাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সাঈদ গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে রোববার (১৬ আগস্ট) রাতে মো. গোলাম মুক্তাদীরকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তিনি মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি। একই দিন বিকেল পৌনে ৫টার দিকে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে ক্যাফে ফাস্ট ফুডে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, গত শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

হামলার ঘটনায় সংসদ সদস্য আয়নুল হক জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে জামায়াত ও এনসিপি। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

নাজমুল হাসান/আরএআর