সফলতা অর্জন করতে হলে শিক্ষার্থীদের ডিভাইসের প্রতি আসক্তি কমানোর পরামর্শ দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের আয়োজিত এসএসসিতে জিপি-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য গোলাম রব্বানী বলেন, সফলতা অর্জন করতে চাইলে ডিভাইসের ওপর আসক্তি কমাতে হবে। এটি আমাদের প্রয়োজনীয় জিনিস, কিন্তু অতিরিক্ত ব্যবহারে অনেক সময় অপচয় হচ্ছে। আমরা যতটা ইতিবাচকভাবে ব্যবহার করছি, তার চেয়ে বেশি নেতিবাচকভাবে ব্যবহার করছি। তাই ডিভাইস ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে।

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক সায়মা বিনতে ফারুকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও কেএফসি শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু প্রমুখ।
আয়োজকরা জানান, ‘তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়, লক্ষ্য আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া প্রিন্সিপাল কাজী ফারুকী শিক্ষা কমপ্লেক্সের সামনে একটি ‘জলছত্র’ উদ্বোধন করা হয়েছে।
হাসান মাহমুদ শাকিল/এমএমবি
