রাজবাড়ীর পাংশায় চুরির অভিযোগ এনে জজ আলী (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন— পাংশা উপজেলার নাবরাদহ গ্রামের মৃত শাহাদাত মণ্ডলের ছেলে হাকিম মন্ডল (৫০) ও মৃত সমেশ মন্ডল ওরফে ছামেদের ছেলে করিম মন্ডল (৬৫)।
এর আগে বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার দড়ি বাংলাট মাঠের মধ্যে করিমের রাইস মিলের সামনের সড়কে চুরির অভিযোগ এনে স্থানীয়রা পিটিয়ে জজ আলীকে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৪টার দিকে জজ আলীকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে ফেলে রাখা হয়। খবর পেয়ে পাংশা থানা পুলিশ তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা আছিয়া খাতুন বাদী হয়ে পাংশা থানায় হত্যা মামলা করেন। মামলাটি ২০ আগস্ট থানার মামলা নম্বর-১০ হিসেবে রুজু করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর গতকাল রাতেই হাকিম ও করিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে নিহতের মায়ের করা মামলায় তাদের এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এমএমবি
