বিজ্ঞাপন

মেসের খাবার নিয়ে দ্বন্দ্ব, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

মেসের খাবার নিয়ে দ্বন্দ্ব, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

ঝিনাইদহে মেসের খাবার না পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাউছার আহমেদ (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনার অভিযুক্ত লিখন হোসেনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় শহরের মহিলা কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাউছার আহমেদ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর অভিযুক্ত লিখন হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিলা কলেজপাড়ার জাফর শেখের বাসায় একটি মেসে বেশ কয়েকজন শিক্ষার্থী থাকেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাউছার বাসায় ফিরে খাবার না পাওয়াকে কেন্দ্র করে তার রুমমেট মাদ্রাসাছাত্র লিখন হোসেনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাউছার লাঠি দিয়ে লিখনকে আঘাত করেন। পরে লিখন ছুরি দিয়ে কাউছারকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন কাউছার।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কাউছারকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মহিলা কলেজপাড়ায় ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্রাট হোসেন/এমএমবি

বিজ্ঞাপন