বিজ্ঞাপন

রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যাত্রীর মৃত্যু

রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যাত্রীর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে কামারপাড়া রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় দীপঙ্কর (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। একটি ট্রেনের হুইসেলে বিভ্রান্ত হয়ে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কামারপাড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন।

নিহত দীপঙ্কর দিনাজপুরের বিরল উপজেলার ভান্দারা গ্রামের ভুট্টু রামের ছেলে। পেশায় তিনি শ্রমিক ছিলেন।

স্থানীয় ও স্টেশনসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টা ২৩ মিনিটে কামারপাড়া স্টেশনে এসে থামে। একই সময়ে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ করছিল। এ সময় দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা দোলনচাঁপা এক্সপ্রেসে ওঠার জন্য দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন দীপঙ্কর। তখন করতোয়া এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি স্টেশন মাস্টার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, দীপঙ্কর দোলনচাঁপা এক্সপ্রেসের যাত্রী ছিলেন। কামারপাড়া স্টেশনে দুটি ট্রেনের ক্রসিং ছিল। দোলনচাঁপা এক্সপ্রেস থামার পর দীপঙ্কর ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে আসেন এবং চা-পান করেন।

তিনি বলেন, বিপরীত দিক থেকে করতোয়া এক্সপ্রেস স্টেশনে প্রবেশের সময় হুইসেল দিলে দীপঙ্কর সেটিকে দোলনচাঁপা এক্সপ্রেসের ছেড়ে দেওয়ার সংকেত মনে করেন। এরপর দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করলে করতোয়া এক্সপ্রেসের ধাক্কায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাহেব গণি আরও জানান, দরিদ্র পরিবারের সন্তান দীপঙ্কর গাইবান্ধায় নেমে বালাসী হয়ে নদীপথে জামালপুরে যেতেন। সেখানে দিনমজুরের কাজ করতেন তিনি।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। একই সঙ্গে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাসুম বিল্লাহ/এমএমবি