বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচলের পথে ৩০ অবৈধ জাল জব্দ

চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচলের পথে ৩০ অবৈধ জাল জব্দ

নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরের মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙরে বিশেষ অভিযান চালিয়ে ৩০টি অবৈধ জাল জব্দ ও অপসারণ করা হয়েছে। জব্দ করা জালের মধ্যে সুতার জাল, টং জাল ও বেহুন্দি জাল রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে বন্দর কর্তৃপক্ষের কাণ্ডারী-৮ ও চারটি স্থানীয় বোট অংশ নেয়। অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি বোট সহযোগিতা করে।

অভিযানকালে বহির্নোঙর এলাকা থেকে জাল ছাড়াও বিভিন্ন ধরনের জাল স্থাপনে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, এসব অবৈধ জাল নৌ-চলাচল ও জাহাজের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। এতে নেভিগেশনাল নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল। জাল অপসারণের ফলে মূল শিপিং চ্যানেল ও নেভিগেশনাল রুটে জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গা উন্মুক্ত হয়েছে।

অভিযানের সময় নেভিগেশনাল রুটে অবস্থানরত ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নৌ-চলাচল রুট ও নেভিগেশনাল চ্যানেলে পুনরায় অবৈধভাবে জাল স্থাপন না করতে মাঝিমাল্লাদের সতর্ক করা হয়।

চট্টগ্রাম বন্দরের নেভিগেশনাল নিরাপত্তা বজায় রাখা, জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা দূর করা এবং কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙর এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডের সমন্বিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

এমআর/এসএইচএ