সাভারের বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পৌরসভার রাজাশন আমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাসেল বাবু ও সজিব। তারা উভয়েই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল রাজাশন আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে রাসেল বাবু ও সজিবকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি চাকু, ৫ বোতল ফেনসিডিল, ২০০ গ্রাম গাঁজা এবং ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম ঢাকা পোস্টকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এসএইচএ
