ভোলার দৌলতখান উপজেলা শহর সংলগ্ন একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভস্মীভূত হয়েছে ২টি জ্বালানি তেলের গোডাউন,২টি বসতঘর,২টি মুদি দোকান, ২টি খাবার হোটেল ও একটি জালের গোডাউন। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে দাবি ব্যবসায়ীদের।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের থানা সংলগ্ন স্লুইসগেট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় জ্বালানি তেল ব্যবসায়ী মো.শাহাবুদ্দিনের তেলের গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রাপাত হয়ে তা মুহূর্তেই তীব্র আকার ধারণ করে এবং আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। তবে জ্বালানি তেলের গোডাউনে বিপুল পরিমাণ তেল মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। ব্যবসায়ীদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন।
এবিষয়ে দৌলতখান উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খন্দকার মেরাজুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত দৌলতখান ও ভোলা সদরের ফায়ার সার্ভিসের একটি করে মোট দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এছাড়াও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।
মো.খাইরুল ইসলাম/এসএইচএ
