সিরাজগঞ্জে কর্মদক্ষতা ও উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের ১৬ সদস্যকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তাদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
এর আগে ডিআইজি মো. আশিক সাঈদ সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পরিদর্শন প্যারেডে সালামি গ্রহণ করেন। পরে তিনি রিজার্ভ অফিস পরিদর্শন করে সার্বিক কার্যক্রম, নথিপত্র ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন।
বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা পুলিশের যানবাহন ও আবাসনসহ বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় ডিআইজির কাছে তুলে ধরেন জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
এ ছাড়া সভায় ১ নম্বর পুলিশ ফাঁড়ির ডিউটির জন্য নিজস্ব ব্যবস্থাপনায় একটি মোটরসাইকেল এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে ব্যবহারের জন্য ক্রোকারিজ সামগ্রী প্রদান করা হয়।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিুল হাসান বলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ স্যার এবং সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্যারের প্রতি কৃতজ্ঞতা। আমি সবসময় নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মো. নাজমুল হাসান/এসএইচএ
