খাগড়াছড়ি জেলা কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. শফিকুল ইসলামকে (২৪) প্রায় ১০ মাস পর চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানাধীন লালখান বাজার এলাকায় খাগড়াছড়ি সদর থানা পুলিশ ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শফিকুল ইসলাম খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, ২০২৫ সালের নভেম্বর মাসে খাগড়াছড়ি জেলা কারাগারে আটক থাকা অবস্থায় কৌশলে কারাগারের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান তিনি। এরপর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন শফিকুল।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, আটকের পর শফিকুল ইসলামকে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে আসা হয়েছে। আজ দুপুরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।
মোহাম্মদ শাহজাহান/আরকে
