ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে এটিই প্রথম মৃত্যু। মৃত ওই নারীর নাম নাসরিন সুলতানা (৩০)। তিনি ভাঙ্গা পৌরসভার সাত নম্বর চৌধুরীকান্দা এলাকার মিরাজ শেখের স্ত্রী। তিনি দুই পুত্রসন্তানের মা।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত অবস্থায় নাসরিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। নাসরিনের রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়।
নাসরিনের স্বামী মিরাজ শেখ অভিযোগ করে বলেন, গত রোববার জ্বরে আক্রান্ত হলে তার স্ত্রীকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে বেশ কয়েকটি পরীক্ষা করা হলেও ডেঙ্গু পরীক্ষা করতে দেননি চিকিৎসক। পরে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে বাইরে থেকে চিকিৎসক দেখিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মিরাজ শেখ আরও বলেন,আগেই যদি সরকারি হাসপাতালে আমার স্ত্রী ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হতেন, তাহলে হয়তো সঠিক চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতো। এবং তাকে বাঁচানোর চেষ্টা আরও জোরালোভাবে করা যেত।
এদিকে ফরিদপুর সিভিল সার্জনের অফিস সূত্রে জানা গেছে, ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি সময়ে সরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৬৩ জন। বর্তমানে ২৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিতে হবে।
জহির হোসেন/আরকে
