বিজ্ঞাপন

সিকিউরিটি গার্ডের গলায় ছুরি ধরার ভিডিও ভাইরাল, যুবক গ্রেপ্তার

সিকিউরিটি গার্ডের গলায় ছুরি ধরার ভিডিও ভাইরাল, যুবক গ্রেপ্তার

রাজশাহীতে কর্মরত সিকিউরিটি গার্ডকে মারধর এবং গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় আরিফুল ইসলাম আরিফ (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আরিফ নগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

ঘটনার শিকার ভুক্তভোগি সাব্বির হোসেন (২৬) নগরীর লক্ষ্মীপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। 

এর আগেম বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে তিনি দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সচেতন করতে হ্যান্ডমাইকে বক্তব্য দিচ্ছিলেন।

পুলিশ জানায়,  এ সময় রোগী ধরার দালাল আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন সেখানে এসে তাকে মাইকে সচেতনতামূলক বক্তব্য প্রচার করতে নিষেধ করেন। সাব্বির হোসেন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছেন বলে জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

একপর্যায়ে অন্যদের উসকানিতে আসামি আরিফ দৌড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনের পেছনে গিয়ে একটি ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আসেন। পরে তিনি ওই অস্ত্র ভুক্তভোগীর গলায় ধরে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। এরপর রাজপাড়া থানা পুলিশ দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে আরিফকে গ্রেপ্তার করে।

আরএমপির উপপুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান বলেন, এ ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির হেফাজতে থাকা দেশীয় অস্ত্রটি উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শাহিনুল আশিক/এএমকে