শিক্ষার্থীদের বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকারণের সঠিক প্রয়োগ নিয়ে রংপুরে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৭ম বর্ষের রংপুর বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে নিবন্ধনকৃত শিক্ষার্থীরা রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বাংলাবিদে অংশগ্রহণ করতে আসতে শুরু করে।
কয়েক হাজার শিক্ষার্থী শুদ্ধ বাংলা চর্চার শপথ নেওয়াসহ প্রাথমিক বাছাইপর্বে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও বহু নির্বাচনী প্রশ্নের পরীক্ষায় অংশ নেয়। বিকেলে ভুল থেকে শুদ্ধ বানান, উচ্চারণের খেলাসহ শুদ্ধ বাংলা ভাষা নিয়ে চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
এতে বিচারক ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। বাছাইপর্বে অংশ নিতে রংপুর বিভাগের আট জেলা থেকে ২১ হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে।
ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, ভবিষ্যত প্রজন্ম যেন শুদ্ধ বাংলা চর্চা করতে পারে সেই প্রয়াস থেকে বাংলাবিদের আয়োজন। প্রতিদিনই আমাদের প্রতিযোগিদের সংখ্যা বাড়ছে। এ থেকে বোঝা যায় বাংলা চর্চার জন্য আমাদের ভবিষ্যত প্রজন্ম এগিয়ে আসছে। আগামীতে এ প্রতিযোগিতার কলেবর আরও বাড়বে বলে প্রত্যাশা করছি। আমরা চাই আমাদের ভবিষ্যত প্রজন্ম সঠিক বাংলা চর্চা করতে পারে, লিখতে পারে, বলতে পারে। যেন তারা মিশ্র ভাষার প্রয়োগ না ঘটায়।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান পরিচালক তাহের শিপন বলেন, একজন শিক্ষার্থী বাংলা বই পড়ে ১০ লাখ টাকা পুরস্কার জিতে নিতে পারে এই প্রতিযোগিতার মাধ্যমে। দিন দিন বাংলাবিদে অংশ নেওয়া শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। রংপুর বিভাগের বাছাই পর্বে সেটাই প্রমাণ করেছে। আমি চাই রংপুর বিভাগ থেকে কেউ একজন বাংলাবিদের পুরস্কারটা জিতে নেবে।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে
