বিজ্ঞাপন

ব্যাগে পাচারের সময় ময়মনসিংহে দুটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার

ব্যাগে পাচারের সময় ময়মনসিংহে দুটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার

ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় বাজারের ব্যাগে রাখা দুটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। তবে অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২১ আগস্ট) হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বানর দুটি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন পরিদর্শক অসীম মল্লিক।

বন অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিটের সদস্যরা জানতে পারেন, হালুয়াঘাট-ময়মনসিংহ সড়ক দিয়ে দুটি বন্যপ্রাণী পাচারের চেষ্টা করা হবে। পরে সোর্সের মাধ্যমে খবর আসে, হালুয়াঘাট বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাসে করে বানর দুটি পাচার করা হবে।

এ তথ্যের ভিত্তিতে শুক্রবার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল। এ সময় অভিযান টের পেয়ে পাচারকারীরা বাজারের ব্যাগে রাখা বানর দুটি বাসস্ট্যান্ডের পাশে একটি পরিত্যক্ত ঘরের সামনে ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় ব্যাগটি উদ্ধার করেন অভিযানিক দলের সদস্যরা। ব্যাগ খুলে এর ভেতর থেকে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।

বন পরিদর্শক অসীম মল্লিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, হালুয়াঘাট ভারত সীমান্তবর্তী এলাকা হওয়ায় এ ধরনের পাচারের ঘটনা ঘটছে। এ বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। বন্যপ্রাণী ধরা, পাচার ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ।

উদ্ধার হওয়া বানর দুটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিরাপদ স্থানে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

সাখাওয়াত সুমন/এসএইচএ

বিজ্ঞাপন