যশোরের মনিরামপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের পারখাজুরা বাঁওড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের মেয়ে মোছা. ইয়াসমিন (৬) ও মফিজুর রহমানের ছেলে মো. জিসান (১০)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাঁওড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে স্বজনরা ইয়াসমিনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে জিসানকেও উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। পরে দুজনেরই মৃত্যু হয়।
মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের হাজরাকাঠি ওয়ার্ডের সদস্য আবুল হোসেন বলেন, স্থানীয় পারখাজুরা বাঁওড়ের কাছে হাজরাকাঠি দাসপাড়া মোড়-সংলগ্ন জলাবদ্ধ ধান ক্ষেতে শাপলা জন্ম নিয়েছে। ওই ধানক্ষেতে কয়েক ফুট পানি রয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ৫-৬ জন শিশু পারখাজুরা বাঁওড়ের কাছে জলাবদ্ধ ধানক্ষেতে শাপলা তুলতে নামে। এ সময় ইয়াসমিন পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধার করতে যায় জিসান। কিন্তু দুজনের কেউই আর পানির ওপর উঠতে পারেনি।
হাজরাকাঠি মহিলা আলিম মাদরাসার গণিত শিক্ষক শেখ আজাদ বলেন, আমাদের প্রতিষ্ঠানের দুই শিশু শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, একজন শিশু পানিতে ডুবে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপর শিশুটিও পানিতে ডুবে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রেজওয়ান বাপ্পী/এমএমবি
