বগুড়ার ১৩টি উপজেলায় একটি করে মোট ১৩টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামসংলগ্ন ফুটবল মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘বগুড়ার ১৩টি উপজেলায় একটি করে মোট ১৩টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। একই সঙ্গে বগুড়া শহরের তিনমাথা রেলস্টেশনের পাশে ৬০ বিঘা জমিতে ১২০ কোটি টাকা ব্যয়ে আরাফাত রহমান কোকো ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’
এ ছাড়া জেলার ১১৫টি ইউনিয়নে সরকারি উদ্যোগে খেলার মাঠ প্রস্তুত করে দেওয়া হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, কাজী রফিকুল ইসলাম ও সুরাইয়া জেরিন বক্তব্য দেন।
এ সময় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বগুড়ার ১৩টি উপজেলা ও নবসৃষ্ট সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় সারিয়াকান্দি উপজেলা দল ও দুপচাঁচিয়া উপজেলা দল মুখোমুখি হয়।
আয়োজকেরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম হয়। অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন।
আব্দুল মোমিন/এমএমবি
