খাগড়াছড়ির মহালছড়িতে বজ্রপাতে উচিমং মারমা (৫০) ও চাইঞাও মারমা (৪৫) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মহালছড়ি উপজেলার নুনছড়ি এলাকার থলিপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত উচিমং মারমা ও চাইঞাও মারমা স্বামী-স্ত্রী। তাদের চার সন্তান রয়েছে।
নিহতদের বড় ছেলে আখং মারমা জানান, শনিবার সন্ধ্যায় এলাকায় ঝুম বৃষ্টি হচ্ছিল। এ সময় তার মা বাড়ির দরজার কাছে এবং বাবা উঠান থেকে ঘরের ভেতরে প্রবেশ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, বজ্রপাতে তাদের বসতঘরের সোলার প্যানেলসহ বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে দুজনের মরদেহ বাড়িতে রাখা হয়েছে। রোববার পারিবারিকভাবে তাদের দাহক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, মাইসছড়ি এলাকায় বজ্রপাতে স্বামী-স্ত্রী দুজন নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থল থানার এলাকা থেকে অনেক দূরে। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
মোহাম্মদ শাহজাহান/এমএমবি
