শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলসুম আক্তার ভুলি (৪০) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কুলসুম আক্তার ভুলি ওই এলাকার ফুরকান আলীর স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী। তার বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি পাশাপাশি এলাকায়। স্বামী ফুরকান আলী পেশায় রংমিস্ত্রি ও কৃষিকাজের সঙ্গে যুক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কুলসুম আক্তার ভুলি নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এ সময় রাইস কুকার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেরপুর জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ সন্ধ্যা ৭ টার দিকে মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন,কুলসুম আক্তার ভুলি রাইস কুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার হাতে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। সিনিয়র কর্মকর্তাদের পরামর্শে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মোঃনাইমুর রহমান তালুকদার/এমটিআই
