রংপুর নগরীতে তালাবদ্ধ বাসার ভেতর থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার স্ত্রী এবং ছেলে-মেয়েসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের আলামত দেখে পুলিশের গোয়েন্দা শাখা সিআইডির ধারণা— দুই থেকে তিনদিন আগে ডাকাতির সময় তাদের হত্যা করা হয়ে থাকতে পারে।
রংপুর সিআইডির পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সুমিত চৌধুরী বলেন, “ঘটনাস্থলের পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি দুই থেকে তিন দিন আগের। প্রাথমিক আলামত দেখে এটি ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে। গামছা বা কাপড় দিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে।”
তিনি আরও বলেন, “বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ছিল। পাশাপাশি ঘরের ভিতরের আসবাবপত্রের যেসব স্থানে স্বর্ণালংকার রাখা হতো, সেসব জায়গা ভেঙ্গে ফেলা হয়েছে। এখন তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”
শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর মাছুয়াপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও তার স্ত্রী-সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার হয় । তারা হলেন গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং ছেলে আয়ুস চক্রবর্তী প্রীয়ম (১২)। ঘটনাস্থলেস্থলে সিআইডির বিশেষ টিমসহ পুলিশ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন সংস্থা ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্কুলশিক্ষকের বাসাটি বেশ কিছুদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ভেতর থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে ঘরের ভেতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।
রংপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানিয়েছেন, শিক্ষক গণপতি চক্রবর্তীর মরদেহ বাড়ির ছাদ থেকে, তার স্ত্রী ও মেয়ের মরদেহ তিনতলায় ওঠার সিঁড়ি থেকে এবং ছেলের মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।
গণপতি চক্রবর্তী জুয়েল গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা পেশা থেকে অবসরে যান। এরপর তিনি একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসাসেবা দিতেন। তার নিজ গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর এলাকায়।
কোতোয়ালী থানার ওসি আরও জানিয়েছেন, দোতলা ওই বাড়ির প্রধান গেট তালাবদ্ধ ছিল। তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দোতলার ঘরের খাটের নিচ থেকে প্রীয়ম, তিনতলায় ওঠার সিঁড়ির থেকে প্রীতিলতা ও প্রার্থী চক্রবর্তী এবং ছাদ থেকে গণপতি চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়।
ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ জানান, প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলছে।
ফরহাদুজ্জামান ফারুক/এমটিআই
