বিজ্ঞাপন

ফেনীতে ডিআইজির ঘোষণার পরপরই মাদকবিরোধী অভিযানে আটক ১৭

ফেনীতে ডিআইজির ঘোষণার পরপরই মাদকবিরোধী অভিযানে আটক ১৭

ফেনীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাতে শহরতলীর লালপোল এলাকার বেদে পল্লীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে মহাসড়ক সংলগ্ন মাদক কারবারের অন্যতম হট স্পট খ্যাত লালপোল বেদে পল্লী। এখানে বসবাসরত ৮০ থেকে ১০০ পরিবারের সদস্যদের অনেকেই মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এ স্থানে একাধিকবার অভিযান পরিচালনা করেন। সর্বশেষ শনিবার রাতেও পুলিশ বেদে পল্লীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে। 

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ ঢাকা পোস্টকে বলেন, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লালপোল এলাকার বেদে পল্লীতে অভিযান চালানো হয়। অভিযানে ১৭ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। আটককৃতরা বর্তমানে থানা হাজতে রয়েছেন। রোববার (২৩ আগস্ট) জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও গণউপদ্রবের ধারায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার (১৯ আগস্ট) ফেনী পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফেনীসহ চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে মাদকের শেষ শিকড় ও চুনোপুঁটি পর্যন্ত উপড়ে ফেলার ঘোষণা দেন চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। তারপর থেকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করেছে পুলিশ।

তারেক চৌধুরী/এমটিআই

বিজ্ঞাপন