বিজ্ঞাপন

সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দামারপোতায় এবং এর আগে গত বৃহস্পতিবার  কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

শনিবার দুপুরে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দামারপোতা গ্রামের সরদারপাড়া এলাকায় পানিতে ডুবে আরাফাত হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার মো. শফিকুল ইসলাম বাবুর ছেলে।

নিহতের বাবা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসা থেকে ফিরে বাড়ির পাশে লাদেনের ঘেরে খেলতে যায় আরাফাত। কিছুক্ষণ পর তার সহপাঠীরা তাকে পানিতে পড়ে যেতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তার বাবা-মা ঘটনাস্থলে গিয়ে ঘেরের পাড়ে আরাফাতের জুতা পড়ে থাকতে দেখেন। এরপর পানিতে খোঁজাখুঁজি করে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

পরে স্বজনরা দ্রুত তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরাফাত পরিবারের একমাত্র সন্তান ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে জারা নামে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।

জারা ওই গ্রামের আনিসুর রহমানের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল জারা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পানিতে ভেসে উঠতে দেখা যায়।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামসুজ্জামান পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম খলিল/এমটিআই

বিজ্ঞাপন