বিজ্ঞাপন

আদমজী ইপিজেডে গরমে অসুস্থ অর্ধশতাধিক নারী শ্রমিক

আদমজী ইপিজেডে গরমে অসুস্থ অর্ধশতাধিক নারী শ্রমিক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় প্রচণ্ড গরমে অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুরের পর ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের মধ্যে বেশির ভাগকেই ইপিজেডের বেপজা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নেওয়ার পর অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর ওসি (ইন্টেলিজেন্স) মো. আনোয়ারুল হক বলেন, প্রচণ্ড গরমের কারণে ওই কারখানার প্রায় ৬০ থেকে ৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের বেপজা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিন থেকে চারজন শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরের পর নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একের পর এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকেন। প্রথম দিকে অসুস্থ শ্রমিকের সংখ্যা কম থাকলেও কিছু সময়ের মধ্যে তা বেড়ে যায়। এতে কারখানার অন্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় রাত ৯টায় ছুটি দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকদের ছুটি দেওয়া হয় বলে জানিয়েছেন কারখানার এক শ্রমিক।

কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) বিল্লাল হোসেন বলেন, কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর আরও শ্রমিক অসুস্থতা অনুভব করছেন বলে তারা জানতে পারেন। অসুস্থদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে অসুস্থতার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, প্রাথমিকভাবে শ্রমিকদের মধ্যে হিট স্ট্রোকের মতো উপসর্গ দেখা গেছে। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

মেহেদী হাসান সৈকত/এমটিআই

বিজ্ঞাপন