খাগড়াছড়ির মহালছড়িতে যৌথ অভিযানে পিস্তল, গুলি ও চাঁদা আদায়ের রশিদ বইসহ সোনা চাকমা ওরফে বিকাশ চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ প্রসিত) এর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, মহালছড়ি থানাধীন মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি মৌজার জগন্নাথ পাড়া সংলগ্ন শ্যামল চাকমার বসতবাড়ির পূর্ব পাশে তার মালিকানাধীন সেগুন বাগানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি ম্যাগাজিন পিস্তল, ছয় রাউন্ড পিস্তলের গুলি, দুই রাউন্ড শটগানের কার্তুজ ও একটি চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।
আটক সোনা চাকমা ওরফে বিকাশ চাকমা মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের চিত্ত রঞ্জন কার্বারীপাড়ার বাসিন্দা আরবো চাকমার ছেলে।
মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, যৌথ অভিযানে বিকাশ চাকমাকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তিনি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর সক্রিয় সদস্য।
উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
মোহাম্মদ শাহজাহান/এমটিআই
