বিজ্ঞাপন

মাদক কারবারের প্রতিবাদ

ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা, ‘হাতকাটা’ কাদেরসহ গ্রেপ্তার ৫

ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা, ‘হাতকাটা’ কাদেরসহ গ্রেপ্তার ৫

ফেনীতে মাদক কারবারের প্রতিবাদ করায় এক মুদি ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদ সংলগ্ন সিও অফিস বাজারের মাহি কুলিং কর্ণারে এ হামলার ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন— পৌরসভার সুলতানপুর এলাকার আবদুল কাদের প্রকাশ ‘হাতকাটা কাদের’ (২৮), তার ভাই আবু বক্কর (৩২), বোন ফাতেমা আক্তার (৩০) ও স্ত্রী ফারজানা সুলতানা (২২)। গ্রেপ্তার অন্য ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুলতানপুর ও বারাহীপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে হাতকাটা কাদের ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। সম্প্রতি স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক কর্মসূচি ও মিছিল করে আসছেন। এসব কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী আবদুল আলিম রুবেলও সম্পৃক্ত ছিলেন।

শনিবার দুপুরে হাতকাটা কাদের তার ভাই-বোনসহ কয়েকজনকে নিয়ে রুবেলের ব্যবসায় প্রতিষ্ঠান মাহি কুলিং কর্ণারে যান। সেখানে রুবেলের বাবা খুরশিদ আলমকে মারধর ও দোকানের মালামাল ভাঙচুর করা হয়। খবর পেয়ে রুবেল ঘটনাস্থলে গেলে তার ওপরও হামলা করা হয়। এ সময় কাদের, তার ভাই আবু বক্কর, বোন ফাতেমা, স্ত্রী ফারজানা ও পিংকীসহ কয়েকজন রুবেলকে মারধর করেন। হামলায় বাধা দিতে গেলে রুবেলের ফুফাতো ভাই আলমগীরকেও মারধর করা হয়।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার শুরুতে কাদেরের স্ত্রী ফারজানা ও বোন ফাতেমা রুবেলের বাবা খুরশিদ আলমকে হুমকি-ধমকি দেন এবং দোকানের মালামাল ভাঙচুর করেন। পরে রুবেল দোকানে এলে ফাতেমা ও ফারজানা তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে কাদের, তার ভাই বক্করসহ সঙ্গে থাকা কয়েকজন রুবেলের ওপর হামলা ও দোকানে ভাঙচুর চালান।

এ ঘটনায় হামলার শিকার ব্যবসায়ী আবদুল আলিম রুবেল বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে অভিযোগ করেন, হামলার সময় রুবেলের পকেটে থাকা বিকাশ ও নগদের প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান হামলাকারীরা।

ভুক্তভোগী আবদুল আলিম রুবেল বলেন, গত এক মাস ধরে সুলতানপুর ও সৈয়দনগরের বাসিন্দারা মাদকের বিরুদ্ধে মিছিলসহ বিভিন্ন সামাজিক আন্দোলন করে আসছেন। আমিও এসব কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে হাতকাটা কাদের ও তার ভাই-বোনেরা আমার দোকানে হামলা করেছে।

স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান বলেন, হাতকাটা কাদের এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত। তার ভাই আবু বক্কর, বোন ফাতেমা, পিংকী ও স্ত্রী ফারজানার বিরুদ্ধেও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকায় মাদক কারবার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করছি।

অন্যদিকে, এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ব্যবসায়ীর ওপর হামলা ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে কাদেরসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তারেক চৌধুরী/এমটিআই

বিজ্ঞাপন