বিজ্ঞাপন

জিডির পর উদ্ধার ৫৩ মোবাইল, মালিকদের তুলে দিল সিরাজগঞ্জ জেলা পুলিশ

জিডির পর উদ্ধার ৫৩ মোবাইল, মালিকদের তুলে দিল সিরাজগঞ্জ জেলা পুলিশ

সিরাজগঞ্জে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা পুলিশের সাইবার ইউনিট ও থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এসব হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

মোবাইল ফোনের মালিক হানিফ হোসাইন বাবু ঢাকা পোস্টকে বলেন, আমার ফোন মার্চ মাসে নিজ গ্রাম কালিয়া হরিপুর থেকে হারিয়ে গিয়েছিল। এরপর আমি সদর থানায় একটি জিডি করে রেখেছিলাম। আজকে জেলা পুলিশের কার্যালয় থেকে হারানো ফোনটি উদ্ধার করে পুলিশ দিয়েছে। আমি খুবই খুশি।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ ঢাকা পোস্টকে বলেন, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৩টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে তুলে দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে। ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা জেলা পুলিশের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) মো. নাজরান রউফ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদ্বয়, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো মোবাইল ফোন উদ্ধারসহ জনস্বার্থে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

মো. নাজমুল হাসান/এমটিআই

বিজ্ঞাপন