দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২১ আগস্ট এক অভিনন্দন বার্তায় ছারছীনার পীর ছাহেব বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সম্মানের বিষয়। তিনি নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যায়, ইনসাফ, সততা ও দেশপ্রেমের সঙ্গে তার দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের প্রতি সম্মান রেখে ইসলাম, দ্বীন ও ইসলামী আদর্শের পক্ষে ইতিবাচক ভূমিকা পালন এবং দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রসারে সহযোগিতা করবেন -এটাই দেশবাসীর প্রত্যাশা।
ছারছীনার পীর আরও বলেন, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে দেশে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও নৈতিকতার পরিবেশ প্রতিষ্ঠিত হওয়া জরুরি। মহান আল্লাহ যেন নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আমানতদারির সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের তাওফিক দান করেন এবং তাঁর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সাধন করেন।
তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকে সফল ও কল্যাণময় করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।
সাদী মোঃ হিমেল/এমটিআই
