জয়পুরহাটের কালাইয়ে নিজ বাড়ির গোসলখানার পাশে গোপনে চাষ করা ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ হারেজ মন্ডল (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
আটক হারেজ মন্ডল ওই গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে। তিনি গাঁজার গাছটি গোপনে পরিচর্যা করে আসছিলেন বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আকলাপাড়া গ্রামে হারেজ মন্ডলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির গোসলখানার পাশ থেকে প্রায় ১২ ফুট উচ্চতার গাঁজার গাছটি উদ্ধার করে। গাছটির ওজন প্রায় ৪ কেজি। পরে ওই বাড়ির মালিক হারেজ মন্ডলকে আটক করা হয়।
অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা নিশ্চিত হই, হারেজ মন্ডল তার নিজ বাড়ির গোসলখানার পাশে অত্যন্ত গোপনে একটি গাঁজার গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করে আসছিলেন। তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাছটি জব্দ এবং তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চম্পক কুমার/এমটিআই
