মেহেরপুরের গাংনী উপজেলার হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’কে কুমিল্লার নাঙ্গলকোট থেকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ। তার বিরুদ্ধে দুটি হত্যা, দুটি বিস্ফোরক, একটি অস্ত্র আইনসহ মোট সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাংনীর পূর্ব মালসাদাহ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। তিনি গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দিনের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় ইতিপূর্বে উদ্ধার হওয়া পরিত্যক্ত ককটেলসদৃশ বস্তুর বিষয়ে তদন্ত করতে গিয়ে হোসেন আলীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তার অবস্থান শনাক্ত করে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, গ্রেপ্তারের পর হোসেন আলীর দেওয়া তথ্য অনুযায়ী শনিবার দিবাগত রাত ২টার দিকে পূর্ব মালসাদাহ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার দেখানো স্থান থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, হোসেন আলী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা)-এর সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট সাতটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ঘটনায় হোসেন আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাহাবুল ইসলাম/এমটিআই
