জয়পুরহাটের ক্ষেতলালে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মোরসালিন মন্ডল (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ জানিয়েছে, মোরসালিন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার একজন সক্রিয় 'মাস্টার এজেন্ট' হিসেবে কাজ করছিলেন। এ সময় তার কাছ থেকে জুয়া কারবারে ব্যবহৃত ১৯টি স্মার্টফোন, এক হাজার সচল সিমকার্ড ও ৭টি ব্যাংক এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে ডিবি পুলিশ। এরআগে শুক্রবার রাত পৌনে একটার দিকে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বাখেড়া কোমড়গাড়ী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মোরসালিন মন্ডল ক্ষেতলাল পৌরসভার রামপুরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুল করিম।
ডিবি পুলিশ জানায়, জেলায় অনলাইন জুয়া ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়। গভীর রাতে বাখেড়া কোমড়গাড়ী গ্রামের রাশিদুল মন্ডল নামের এক ব্যক্তির বসতবাড়িতে বসে অনলাইনে অবৈধ জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা ও আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করছিলেন মোরসালিন। এ সময় হাতেনাতে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, অনলাইন জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার মোরসালিনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
চম্পক কুমার/এমটিআই
