ময়মনসিংহ নগরের একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে এক চিকিৎসককে মারধর, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তা না দেওয়ায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চিকিৎসক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শনিবার (২২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
ভুক্তভোগী চিকিৎসক মো. আশিকুর রহমান নগরের জিলা স্কুলের পাশের একটি গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি চেম্বারে বিড়ালের চিকিৎসা দেওয়ার পাশাপাশি আনুষঙ্গিক উপকরণ বিক্রি করেন।
এ ঘটনার ১ মিনিট ৪৮ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, এক নারী চেম্বারে ঢুকে জুতা খুলে চিকিৎসককে মারধর করছেন। এ সময় পাশে থাকা নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান (প্রতীক) ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। একপর্যায়ে তিনিও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন। হামলাকারী ওই নারী সম্পর্কে ছাত্রদল নেতার বন্ধুর বান্ধবী বলে জানা গেছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ময়মনসিংহের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আশিকুর রহমান। অভিযোগে ছাত্রদল নেতা তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আশিকুর রহমানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা চেম্বারে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। এ সময় প্রতিবাদ জানালে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়।
অভিযোগে আরও বলা হয়, আশিকুরকে বাঁচাতে এগিয়ে এলে চেম্বারের কর্মী ঈশান আহমেদ, তার স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয়।
হামলার পর চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। একই সঙ্গে চেম্বারের মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
হামলার পেছনে চাঁদা দাবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত বিরোধ এবং এক বছর আগের একটি ঘটনাও রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক আশিকুর রহমান।
তিনি জানান, আফরিন রশিদ সেঁজুতি নামের ওই নারী একটি বিড়ালের মৃত বাচ্চা প্রসবের ঘটনাকে কেন্দ্র করে তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এছাড়া ফেসবুকে অন্য এক চিকিৎসককে নিয়ে লেখালেখি করেছিলেন আফরিন রশিদ। তখন তাকে আক্রমণ করে বিভিন্ন আইডি থেকে মন্তব্য করা হয়। ভুয়া আইডি দিয়ে তিনি সেগুলো করছেন, এমন সন্দেহ থেকে হামলা করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকে (প্রতীক) দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর শাখার সভাপতি গোবিন্দ রায়। তিনি বলেন, এক চিকিৎসকের চেম্বারে ঢুকে হাতাহাতি ও মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে। পারিবারিক ঘটনার জেরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে জানা যায়। কেন্দ্রীয় সংসদ ভিডিওটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।
সাখাওয়াত সুমন/আরকে
