বিজ্ঞাপন

ঋণ পরিশোধ করতে অটোরিকশাচালককে খুন, গ্রেপ্তার ২

ঋণ পরিশোধ করতে অটোরিকশাচালককে খুন, গ্রেপ্তার ২

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় আতাউর রহমান (৬০) নামে এক চালককে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

রোববার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন-কাপাসিয়ার চালার বাজার এলাকার রাজীব খান ও নরোত্তমপুর গ্রামের বাসিন্দা নকিবুল হাসান রাকিব। 

জানা গেছে, গত ২০ আগস্ট বিকেলে কাপাসিয়ার মির্জানগর এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হন চালক আতাউর রহমান। পরে দক্ষিণগাঁও মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা তাকে নিয়ে যায়। সেখানে লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পর ২১ আগস্ট রাতে কাপাসিয়ার চালার বাজার ও নরোত্তমপুর এলাকা থেকে রাজীব খান ও নকিবুল হাসান ওরফে রাকিবকে গ্রেপ্তার করে পিবিআই। 

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ আগস্ট নরসিংদীর মনোহরদী এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। 

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, গ্রেপ্তার দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঋণের দায়ে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা থেকেই তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাদের জবানবন্দিতে উঠে এসেছে। তাদের সাথে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আশিকুর রহমান/এসএইচএ