ফরিদপুরে বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি বুলবুল হাসানের আত্মজীবনীমূলক ‘অন্তহীন বিতর্কযাত্রা—একটি আত্মজীবনীর খসড়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর ডিবেট ফোরাম।
শুরুতে ফরিদপুরের সন্তান বুলবুল হাসান তার রচিত ‘অন্তহীন বিতর্কযাত্রা’ সম্পর্কে বলেন, বলা যেতে পারে এটি একটি প্রথাবিরোধী বিতর্কবিষয়ক বায়োফিকশন। এর মূল চরিত্র বাংলাদেশের জেলা শহরে বেড়ে ওঠা এক স্বপ্নাতুর কিশোর। শহরের ভেতর দিয়ে বয়ে গেছে ছোট্ট শান্ত এক নদী, সেখানে রয়েছে আবেগের পালতোলা নৌকা। তখনো পুরোপুরি শহর হয়ে ওঠেনি সেটি, জীবন সেখানে সুন্দর ও শোভাময়। ইলেকট্রিসিটি চলে গেলে অজানা গন্তব্য থেকে ছুটে আসে স্বপ্নের জোনাকিরা। আকাশে দেখা দেয় ‘তারার ব্যালেরিনা’। শহরটিতে রয়েছে নদীর মতোই বহমান সাংস্কৃতিক জীবন। অনেকটা নিভৃতে, এই শহর কিশোরটিকে স্বপ্ন দেখায়।
ওই অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, সাহিত্যের ফেরিওয়ালা হিসেবে পরিচিত আলতাফ হোসেন, রাজবাড়ী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান, সংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজ ই কবির ও আসমা আক্তার, চ্যানেল ২৪-এর জ্যেষ্ঠ প্রতিবেদক মোর্শেদ হাসিব, যমুনা টিভির বিশেষ প্রতিবেদক মাহফুজ মিশু, বুলবুল হাসানের সহধর্মিণী সৈয়েদা সায়মা আহমেদ প্রমুখ।
বক্তারা বুলবুল হাসানকে ‘বাংলাদেশের বিতর্কশিল্পের একজন পুরোধা ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, লক্ষ্য স্থির থাকলে এবং নিজের কাজের প্রতি অবিচল থাকলে মফস্বল শহরের এক কিশোরের পক্ষে সমগ্র বাংলাদেশের নেতৃত্ব দেওয়া সম্ভব— তার প্রকৃষ্ট উদাহরণ আজকের বুলবুল হাসান।
প্রসঙ্গত, বুলবুল হাসান বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি। ১৯৯০-এর দশকের দ্বিতীয়ার্ধে তিনি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, টেলিভিশন বিতর্কসহ জাতীয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেন। ২০০১ সালে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিশ্ব বিতর্ক প্রতিযোগিতা, ওয়ার্ল্ডস-এ তিনি বিচারকের দায়িত্ব পালন করেন। এছাড়াও লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) ডিবেটিং সোসাইটির সদস্য ছিলেন তিনি। বিচারক হিসেবে অংশ নিয়েছেন মর্যাদাপূর্ণ কেমব্রিজ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায়।
বর্তমানে বুলবুল হাসান দ্য ডেইলি স্টারের লন্ডন প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
‘অন্তহীন বিতর্কযাত্রা’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে ২০২৫ সালে। প্রকাশক শাহরিন হক। প্রচ্ছদ আনিসুজ্জামান সোহেল, সুবর্ণ প্রকাশনী, মুদ্রণ একুশে প্রিন্টার্স, সূত্রাপুর, ঢাকা।
জহির হোসেন/আরএআর
