বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে : ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে : ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, চলতি মাসের মধ্যে দেশের সব বিভাগে কর্মশালা শেষ করার লক্ষ্য রয়েছে। এসব কর্মশালা থেকে পাওয়া মতামতের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। ওই নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা পরিবার ও বিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালিত হবে।

রোববার (২৩ আগস্ট) বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আমরা অত্যন্ত আশাবাদী। ইতোমধ্যে আরও তিনটি বিভাগে সফলভাবে কর্মশালা সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। চলতি মাসের মধ্যে দেশের সব বিভাগে কর্মশালা শেষ করার লক্ষ্য রয়েছে। এসব কর্মশালা থেকে পাওয়া মতামতের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। ওই নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা পরিবার ও বিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, একটি সুশিক্ষিত ও শিক্ষাবান্ধব বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের মূল কারিগর হবে প্রাথমিক শিক্ষা পরিবার। মন্ত্রণালয় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ডিডি, ডিপিও ও টিইওসহ সবাই নিরলসভাবে কাজ করছেন। আমাদের লক্ষ্য হলো কার্যক্রমগুলোকে আরও সুসংগঠিত ও দক্ষ করা, যাতে স্বল্প সময়ের মধ্যে নির্ধারিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় হঠাৎ কোনো পরিবর্তন আনা হবে না। বিভাগীয় প্রতিনিধি ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে নীতিমালায় প্রয়োজনীয় ও বাস্তবসম্মত পরিবর্তন আনা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কাজগুলো এমনভাবে বাস্তবায়নের চেষ্টা চলছে, যাতে অল্প সময়ের মধ্যেই নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন দৃশ্যমান হয়। 

নির্বাচনী প্রতিশ্রুতি ও প্রাথমিক শিক্ষাকে কেন্দ্র করে যে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা হয়েছে, তা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা পরিবারের সব অংশীজনকে এক হয়ে কাজ করতে হবে, বলেন প্রতিমন্ত্রী।

দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষার বরিশাল বিভাগের উপপরিচালক নিলুফার ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল এবং উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।

কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আরিফ হোসেন/এমএমবি