রংপুরে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার বাছুরবান্দা এলাকার লালমন রায়ের ছেলে সঞ্জিত রায় (১৯) এবং পাশের শলেয়াশাহ লালচাঁদপুর এলাকার পদার রায়ের ছেলে গাড্ডু রায় (১৮)। তারা সম্পর্কে বন্ধু ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলে করে শলেয়াশাহ বাজার থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলেন। সঞ্জিত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আর তার বন্ধু গাড্ডু রায় পেছনে বসেছিলেন। দুপুর ১২টার দিকে ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন দুই বন্ধু। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই দুইজনের মৃত্যু হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুই যুবকের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর
