বিজ্ঞাপন

ট্রেন থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ

ট্রেন থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে ট্রেনের ভেতরে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ করেছে যৌথ টাস্কফোর্স। শনিবার বিকেলে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

রোববার (২৩ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে বিজিবি -৪৬।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে আমদানিকৃত পণ্য পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চলমান অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে শ্রীমঙ্গল ও হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন, র‍্যাব এবং জেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা দিয়ে ঢাকাগামী বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস হয়ে ভারতীয় অবৈধ মালামাল পাচারের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র‍্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের আভিযানিক দল রেলস্টেশন এলাকায় তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করে। প্রাথমিকভাবে জব্দ করা এসব মালামালের সিজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

অবৈধভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহন করা এসব মালামাল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালনা করা হবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি।

মাহিদুল ইসলাম/এসএইচএ 

বিজ্ঞাপন