বিজ্ঞাপন

পার্বত্য প্রতিমন্ত্রী

শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতির উন্নয়ন সম্ভব নয়

শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতির উন্নয়ন সম্ভব নয়

শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতির উন্নয়ন সম্ভব নয়। একটি জাতিকে পরিপূর্ণ উন্নত করতে হলে অবশ্যই মানবসম্পদ উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

রোববার (২৩ আগস্ট) রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্কিমের আওতায় তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের সনদ, শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতির উন্নয়ন সম্ভব নয়। একটি জাতিকে পরিপূর্ণভাবে উন্নত করতে হলে অবশ্যই মানবসম্পদ উন্নয়ন করতে হবে। তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি নতুন উদ্যোক্তাও সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তরুণরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। ফ্রিল্যান্সারদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের আয় করমুক্ত রাখার উদ্যোগ নিয়েছেন।

‎পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই এই তিন পার্বত্য জেলায় যতগুলো সম্প্রদায়ের মানুষ বসবাস করছে তারা যেন একত্রিত হয়ে রংধনুর মতো একটি সুন্দর জাতি গঠন করে নিজেদেরকে এই পার্বত্য চট্টগ্রামে আরও উন্নত ও সমৃদ্ধ করতে পারে।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্কিমের আওতায় তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে এসব উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলে প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎মোস্তফা কামাল রাজু/এমএমবি

বিজ্ঞাপন