বিজ্ঞাপন

গাজীপুরে জুয়েলারি দোকান থেকে মালিকের মরদেহ উদ্ধার

গাজীপুরে জুয়েলারি দোকান থেকে মালিকের মরদেহ উদ্ধার

গাজীপুরে একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুর মহানগরীর গাছা থানার ভূষির মিল এলাকার আব্দুল গনি রোডের ‘সাদিয়া জুয়েলার্স’-এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ ওই জুয়েলার্সের মালিক ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ভোলাইন গ্রামে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে নিজ দোকানের ভেতরেই ঘুমান আবুল কালাম আজাদ। সাধারণত সকাল ৯টার মধ্যে দোকান খুলে ব্যবসা শুরু করতেন তিনি। রোববার সকাল পেরিয়ে দুপুর হলেও দোকানটি বন্ধ দেখতে পান আশপাশের ব্যবসায়ীরা। দীর্ঘ সময় দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে পাশের এক দোকানদার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।

খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে আবুল কালাম আজাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, কারা এ হত্যা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আশিকুর রহমান/এসএইচএ