বিজ্ঞাপন

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ কারখানা

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ কারখানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গড়ে ওঠা তিনটি চুনা কারখানায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন ও কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

রোববার (২৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাখালী, প্রতাপেরচর ও পিরোজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালায় তিতাস। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।

তিতাস গ্যাসের সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, কিছু অসাধু লোকজন সরকারি দলের নেতাকর্মীদের প্রভাব দেখিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা গড়ে তুলেছেন। এসব কারখানায় প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, রোববার উপজেলার সোনাখালী, পিরোজপুর ও প্রতাবেরচর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক্সকেভেটর দিয়ে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় তিতাসের উপসহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

মো. মীমরাজ হোসেন/এমএমবি