বিজ্ঞাপন

মালামাল উদ্ধার

চট্টগ্রামে মন্দির থেকে সোনা-রূপা চুরির ঘটনায় তরুণ গ্রেপ্তার

চট্টগ্রামে মন্দির থেকে সোনা-রূপা চুরির ঘটনায় তরুণ গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া ৬ লাখ ১৫ হাজার টাকা মূল্যের সোনা ও রূপার অলঙ্কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুশফিকুর রহমান সিয়াম (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাতে জেলা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে গত শনিবার সকালে উপজেলার চিকদাইর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট দুপুর ১২টা ১৩ মিনিট থেকে ১২টা ১৬ মিনিটের মধ্যে রাউজান টেকনিক্যাল স্কুলের উত্তর পাশে অবস্থিত মনসা মন্দিরে (পারিবারিক মন্দির) এই চুরির ঘটনা ঘটে। চোরেরা মনসা দেবীর পরিহিত ২ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা) এবং ৪ ভরি ওজনের রৌপ্য (যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় রাউজান থানার ওসির তত্ত্বাবধানে একটি বিশেষ আভিযানিক দল মাঠে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় মুশফিকুর রহমান সিয়ামকে শনাক্ত করা হয়। পরে ২৩ আগস্ট সকালে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের স্টিলের আলমিরা থেকে ১ জোড়া কানের দুল, ১টি মাথার টিকলী, ১টি লকেট ও ২টি বেলপাতাসহ ২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালংকার এবং ১টি গলার চেইন ও ১ জোড়া নুপুরসহ ৪ ভরি ওজনের রৌপ্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সিয়াম স্বীকার করেছেন যে তিনি বেশ কিছুদিন ধরে ওই মন্দিরে যাতায়াত করতেন এবং পূজা-পার্বণের সুযোগ নিয়ে চুরির পরিকল্পনা করেন।

এ ঘটনায় মন্দিরের প্রতিষ্ঠাতা ও পরিচালক আশুতোষ সিংহ বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেছেন।

আতিকুল হা-মীম/এমটিআই

বিজ্ঞাপন