নরসিংদীর মনোহরদী উপজেলায় নিজের নাতিকে টাকা ধার বা বাকি না দিতে এলাকাজুড়ে মাইকিং করেছেন এক দাদা। এ ঘোষণার পরও কেউ নাতির সঙ্গে টাকা-পয়সার লেনদেন করলে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামের ব্যাপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মাইকিং করা ওই দাদার নাম মো. করম আলী ব্যাপারী (৭২)। তার নাতি মো. মাহাবুব মিয়া (২২)। তারা দুজনই বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চালকের পাশে বসে আছেন এক বৃদ্ধ। অটোরিকশার ভেতরে থাকা আরেক ব্যক্তি হাতে মাইক্রোফোন নিয়ে কথা বলছেন। অটোরিকশায় বাঁধা মাইকের মাধ্যমে তার বক্তব্য চারপাশে প্রচার করা হচ্ছে।
মাইকিংয়ে করম আলী ব্যাপারী তার নাতি মাহাবুব মিয়াকে টাকা ধার না দিতে এবং তার সঙ্গে কোনো ধরনের বাকি লেনদেন না করতে এলাকাবাসীকে সতর্ক করেন। পাশাপাশি কেউ তার নাতিকে টাকা দিলে বা বাকি দিলে বিষয়টি তাকে জানাতে বলেন।
করম আলী ব্যাপারী বলেন, বহুদিন ধরে সে আমার ওপর এ অত্যাচার করছে। মানুষের কাছ থেকে টাকা চেয়ে আনে, আর সে টাকা দিতে হয় আমার। কয়দিন আগে সে জুয়া খেলে ৬০ হাজার টাকা হারছে। এ পর্যন্ত আমি ৫০ হাজার দিছি। ১০ হাজার টাকা এখনও দিতে পারিনি বলে অপমান করছে। বাজারে ছাগল বিক্রি করে সংসার চলে, এসব অত্যাচার সহ্য হয় না। তাই এই মাইকিং করছি।
বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, মাহাবুব নানা লোকজনের কাছ থেকে টাকা নিয়ে দাদার ওপর চাপিয়ে দিতেন। এতে অতিষ্ঠ হয়ে তাকে আর টাকা ধার না দিতে এলাকাবাসীকে সতর্ক করতে ব্যতিক্রমীভাবে মাইকিং করেছেন করম আলী ব্যাপারী।
আমিনুর রহমান সাদী/এমটিআই
