রংপুরের কাউনিয়ার হারাগাছে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে ও কুপিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে উপজেলার হারাগাছ পৌরসভার চরচতুরা গ্রামে নির্জন সড়ক থেকে ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম আবু সিদ্দিক (৩৫)। তিনি কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারী হকের বাজারের রাজা মিয়ার ছেলে।
আবু সিদ্দিকের স্বজনদের বরাত দিয়ে হারাগাছ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য ওবায়দুর রহমান এবাদ জানান, রোববার সন্ধ্যার পর সিদ্দিক নিজ বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট সদরের মিলন বাজারে আসে। বাজারের পাশেই কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের শেষ সীমানা চরচতুরা গ্ৰাম। রাত আনুমানিক নয়টার দিকে তারা জানতে পারেন চরচতুরা গ্রামের নির্জন সড়কে সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে, মুখে কুপিয়ে ও গলাকেটে হত্যার পর রাস্তার ওপর মরদহ ফেলে চলে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সেখানে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের চাচাতো ভাই মজমুল জানান, মিলন বাজারে গিয়ে জানতে পারেন মাঠের মধ্যে বসে ভাতিজার সাথে মোবাইলে বাকবিতণ্ডা হয়। এরপরে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নির্জন এলাকায় ফেলে চলে যায়।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
ফরহাদুজ্জামান ফারুক/এমটিআই
