বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে কৃষকের প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব

চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে কৃষকের প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব

চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে কৃষকদের জন্য বরাদ্দকৃত প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েবের ঘটনায় জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। উপজেলা চত্বরে অরক্ষিত অবস্থায় রাখা এসব সারের মধ্যে বিপুল পরিমাণ বস্তা উধাও হয়ে যাওয়ার ঘটনায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে সদর উপজেলায় প্রণোদনার সার নিতে আসা কৃষকদের বিষয়টি জানায় কর্তৃপক্ষ। কৃষকদের অভিযোগ, সার নিতে এসে তাদের স্বাক্ষর নেওয়ার পর জানানো হয়—সার চুরি হয়ে গেছে, তাই তাদের আগামীকাল এসে সার নিতে হবে।

জানা গেছে, চুয়াডাঙ্গা বিএডিসি গোডাউন থেকে বিপুল পরিমাণ বস্তা সার এনে সদর উপজেলা চত্বরে অরক্ষিত অবস্থায় রাখা হয়েছিল। সেখান থেকে কে বা কারা ৫৩ বস্তা সার নিয়ে গেছে। বাকি সারগুলোও বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

সার নিতে আসা কৃষকরা জানান, সকাল থেকেই তারা সার নেওয়ার জন্য সদর উপজেলায় আসেন। এ সময় তাদের স্বাক্ষর নেওয়ার পর জানানো হয়, সার চুরি হয়ে গেছে। তাই আগামীকাল সার দেওয়া হবে এবং তাদের পরের দিন আসতে বলা হয়।

আরেক কৃষক বলেন, স্বাক্ষর নেওয়ার পর একজন অফিসার আমাদের জানান, সার চুরি হয়ে গেছে। তাই কালকে আসতে বলেন। আমরা প্রতিবাদ করে বলি, আজ (রোববার) বিকেল ৪টার মধ্যেই সার দিতে হবে। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি আমরা র‍্যালি করার সিদ্ধান্তও নিয়েছিলাম।

চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষি অফিসার আনিছুর রহমান বলেন, কৃষকের প্রণোদনার ৫৪ বস্তা সার চুরির ঘটনা ঘটেছে। ব্যক্তিগতভাবে সার কিনে কৃষকদের দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় জিডির প্রস্তুতি চলছে। তবে তিনি প্রতিবেদককে সংবাদটি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, কৃষি অফিসার আমাকে ফোনে জানিয়েছেন সার চুরির বিষয়টি। আমি থানায় জিডি করার পরামর্শ দিয়েছি।

আফজালুল হক/এমটিআই

বিজ্ঞাপন